বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল ও ৪২টি গুলিসহ ২ যুবককে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।
রবিবার, ১২ এপ্রিল সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির।
আটকরা হলেন- উখিয়া উপজেলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ফারুক (২১) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার মোহাম্মদ সোলেমানের ছেলে মো. নুরুল আলম (৩০)।
বিজিবি জানায়, জনৈক মোহাম্মদ আয়াতুল্লাহ নামের এক ব্যক্তির নির্দেশে আটক দুই যুবক অস্ত্র ও গুলি তৃতীয় একটি পক্ষের কাছে পৌঁছে দিতে বহন করছিল। তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করে নাইক্ষ্যংছড়ি সদরের ক্যাফে-১৩ নামক একটি রেঁস্তোরায় আনার পরিকল্পনা ছিল।
লে. কর্নেল ফয়জুল কবির বলেন, ‘শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাগানঘোনা সীমান্ত এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে ডিজিএফআইয়ের মাঠ কর্মীরা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে কোমরে রাখা ২টি বিদেশি পিস্তল এবং সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪২টি গুলি উদ্ধার করে।
পরে আটক রোহিঙ্গা যুবকের দেয়া তথ্যে সদর ইউনিয়নের চাকডালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. নুরুল আলম (৩০) নামে আরেক যুবককে আটক করা হয়।
লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি সহ আটকদের হস্তান্তর করে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

