জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্ত এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে তারা সরে যেতে বাধ্য হয়। এর আগেও তারা ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ।
শনিবার, ২৭ ডিসেম্বর ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এ কাজ চলছিল।
বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা এতে বাধা দেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হন। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয়। একইসঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন,বিষয়টি নিয়ে উভয় দেশের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।
পতাকানিউজ/এসি/আরবি

