রাজধানীর সুত্রাপুর এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনের সড়কে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স প্রায় ৫০–৫৫ বছর ধরা হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা প্রায় ১১টার দিকে হাসপাতালের সামনের এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পরে মেইন গেটের সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার গুরুতরতা বিবেচনা করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মহিবুল্লাহ আরও বলেন, নিহতের পরিচয় কেউ জানে না এবং গুলিকাণ্ডের মূল অভিযুক্তদের সনাক্ত করা সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পতাকানিউজ/এনটি

