সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের (ইউএন) একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।
শনিবার, ১৩ ডিসেম্বর রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সুদানের আবেইতে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবস্থানরত ইউএন ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ছয়জন শান্তিরক্ষী নিহত হন এবং আটজন আহত হন। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং সেখানে সংঘর্ষ চলমান আছে।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।
পতাকানিউজ/এআই

