সুরের বন্ধন যেন ছেঁড়া যাবে না। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি কণ্ঠ, একটি সুর- ভক্তদের হৃদয়ে যেটি গেঁথেছে চাইলেও সেটি কি আর ছিন্ন করা যাবে? তারপরও প্রকৃতির ডাকে সাড়া দিতে এই সুরের বন্ধন ছিঁড়তে হলো। সুরের সুতো ছিঁড়ে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে।
যাওয়ার সময় তাঁর নামের পাশে বয়স হিসেবে একটি সংখ্যা অবশ্য যোগ করে গেছেন। সবাই যা করে তা। মাত্র ৯২ বছর। এটি একটি সংখ্যা মাত্র। তিনি যে কণ্ঠ দিয়ে হাজারো গান ভক্তদের উপহার দিয়েছেন সেই সংখ্যার কাছে বয়সের ৯২টি সংখ্যাটি বড্ড নস্যি যেন।
তারপরও জন্ম নিলেই যেতে হবে, সেই চিরায়িত নিয়মে আশা ভোসলে গেলেন। আসলেই কি গেলেন? তার সুর কি তিনি নিয়ে গেছেন? না। মোটেই নেননি। উপমহাদেশের লাখো ভক্তকূলের হৃদয়ের গহীন সেই কণ্ঠটিই প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে। যেমনটি গেয়েছেন, ‘আজ এই দিনটাকে’।
১২ এপ্রিল রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগেরদিন শনিবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে আনন্দ ভোসলে। জানিয়েছেন, ‘মা আর নেই।’ সঙ্গে জানিয়েছেন শেষকৃত্যের সময়সূচিও। বলেছেন, ‘রোববার আর সময় নেই। সোমবার বিকেল ৪ টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে।’
লতা মঙ্গেশকরের পর তার বোন আশার এই চলে যাওয়া যেন ভারতীয় সংগীত ইতিহাসের একটি স্বর্ণযুগের যবনিকাপাত ঘটালো। সংগীত জগতের এক নক্ষত্রের পতনের শোকে পুরো উপমহাদেশই স্তব্ধ।
গুণী এই শিল্পীর প্রয়ানে শোকাতুর হয়ে ভেঙে পড়েছেন বাংলা তথা ভারতের প্রবীণ সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। আশা ভোসলের প্রয়াণে নিজের শোকবার্তা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এ গায়িকা।
হৈমন্তী শুক্লা বলেন, ভাবতেই পারছি না আশাদি আর নেই। এই তো সেদিন বিদেশ থেকে অনুষ্ঠান করে এলেন। জানি বয়সটা বড় ফ্যাক্টর। লতাদির চলে যাওয়ার পর আশাদি-ই ছিলেন আমাদের সবার মাথার ওপর ভরসা। আজ মনে হচ্ছে মাথা থেকে ভরসার সেই ছাতাটা সরে গেল।
দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে ২০টিরও বেশি ভাষায় কয়েক হাজার গান উপহার দিয়েছেন আশা ভোসলে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দাদাসাহেব ফালকে এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি। তার গাওয়া ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ বা বাংলা গান ‘আজ এই দিনটাকে’ আজও সমানভাবে জনপ্রিয়।
আশা ভোসলে ভারতীয় সংগীতজগতের এক অনন্য নাম। আট দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল থেকে আধুনিক—বিভিন্ন ধারায় তার সমান দক্ষতা তাকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে।
তথ্যসূত্র : এনডিটিভি
-পতাকানিউজ

