চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নাগরিক সোসাইটি মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
সোসাইটির সাধারণ সম্পাদক ক্যাপ্টেন নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মঞ্জুরুল কিবরিয়া, ফার্টিস এফসি লিমিটেডের প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সার, সিডিএর অথরাইজড অফিসার প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন, ক্যাপ্টেন আক্কাস উদ্দীন, ক্যাপ্টেন আলিম আল নোমান রায়হান, ক্যাপ্টেন এমরান, গোলাম মোর্শেদ, অ্যাডভোকেট পুষ্প সুলতানা, মোজাম্মেল হোসেন ও সাইফুদ্দিন খালেদ। এ ছাড়াও অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নাগরিক সোসাইটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, এই শহর আপনার, আমার; সবার। শহরকে নান্দনিক ও বসবাসের জন্য স্বাচ্ছন্দ্যময় করে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিশু-কিশোরদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ সমাজ গঠনে তরুণদের মাঠমুখী করতে হবে।
প্রধানমন্ত্রীর সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে সোসাইটি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন নূর মোহাম্মদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতবরণের কয়েক দিন আগে এই সোসাইটির জমি বরাদ্দ দিয়েছিলেন। নাগরিক সোসাইটিকে পরিবেশবান্ধব ও সবুজ আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
বিশেষ অতিথি ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, নাগরিক সোসাইটি চট্টগ্রামের একটি সুন্দর ও পরিবেশবান্ধব আবাসিক এলাকা। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, মেরিনার, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন। খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে।
দেশবরেণ্য সাবেক ফুটবলার ও কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, মেধা ও শ্রমের সমন্বয়েই কৃতী খেলোয়াড় তৈরি হয়। চট্টগ্রামের অনেক খেলোয়াড় দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। আজকের ক্ষুদে ফুটবলাররাও একদিন দেশের হয়ে খেলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টের ফাইনালে চান্দগাঁও সোসাইটি ক্লাব ৩-০ গোলে নাগরিক সোসাইটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

