রাজধানীর সূত্রাপুরে গুলিতে খুন হওয়া সেই ব্যক্তির পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে বুকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপকমিশনার আহসান উদ্দিন সামি বলেন, নিহত ওই ব্যক্তির নাম তারিক সাইফ মামুন (৫৫)। তিনি পুলিশের খাতায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যা মামলার আসামি।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আমরা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।
মামুনের পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকে কল পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং পরে হাসপাতাল থেকে তার মরদেহ শনাক্ত করেন।
নিহতের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার বাবার নাম এসএম ইকবাল। স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ বলেন, সকালে গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
পতাকানিউজ/এআই

