ক্রিজে নামার পর থেকেই অনেকটা ওয়ানডে মেজাজে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে কিছুটা ধীরেলয়ে ব্যাটিংয়ে যেন অপেক্ষা বাড়ালেন। শেষপর্যন্ত অপেক্ষা আর আক্ষেপে পুড়তে দিলেন না। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেন মোটে ১১২ বল মোকাবিলায়। যদিও শতক হাঁকানোর পরপরই এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে গেছেন টাইগার কাপ্তান।
নাজমুল ম্যাকব্রাইনের বলে ফিরেছেন ঠিক ১০০ রান করে। চলতি বছরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি।
এর আগে ৬০ রান করে আউট হন লিটন দাস। স্পিনার হামফ্রিসের বলে লং অনে ক্যাচ তোলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। বেশ খানিকটা দৌড়ে দারুণ ক্যাচ নেন টেক্টর। আউট হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারে ১৯তম ফিফটি তুলে নেন লিটন দাস। ৫৩ বলে ফিফটি করেন তিনি।
এর আগে সকালে ব্যাটিংয়ে নামা ওপেনার মাহমুদুল হাসান আউট হয়েছেন ১৭১ রান করে। টেস্টে বাংলাদেশের কোনো ওপেনারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি। তিনে নামা মুমিনুল করেছেন ৮২ রান আর মুশফিকুর রহিম আউট হয়েছেন ২৩ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৫৫৬ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ রান। ক্রিজে মেহেদী মিরাজের সঙ্গে আছেন হাসান মুরাদ।
পতাকানিউজ/কেএস

