মৌলভীবাজারের রাজনগরে সেতুর রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
বুধবার, ১২ আগস্ট সকালে উপজেলার ধামাইপার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধামাইপার সেতু অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোমান নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। ট্রাকটি সেতু থেকে নিচে পড়ে যাওয়ায় রেকার ভ্যানসহ বিভিন্ন সরঞ্জামের সহায়তায় চালকের মরদেহ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া বলেন, সমন্বিত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার দুজনই ছিলেন।
রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকের চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন।
পতাকানিউজ/এমআরআর/আরবি

