খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযানে ইউপিডিএফ’র আস্তানার সন্ধান পাওয়া গেছে। এতে অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার, ৬ অক্টোবর ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ায় অভিযান পরিচালিত হয়। বিষয়টি সেনাবাহিনীর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, গভীর জঙ্গলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানিক দল ইউপিডিএফ’র একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফ’র গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড এ্যামোনিশন, ১৫টি ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, অভিযান চলাকালে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। আজকের ঘটনাসহ বিগত কয়েকদিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণে স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পালিয়ে যাওয়া ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে কাজ করছে সেনাবাহিনী।
পতাকানিউজ/এনএম/এএইচ

