আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে—এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি।’
আওয়ামী লীগের চলমান কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি ঘোষণা করেছে, সে বিষয়ে সরকার কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগে নেই।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পতাকানিউজ/এনটি

