সৌদি আরবে ওমরাহ ভিসার কার্যকারিতা ৩ মাস থেকে কমিয়ে এক মাসে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। এই নিয়ম আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতো তিন মাসই বহাল থাকবে। অর্থাৎ, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করা বাধ্যতামূলক হলেও, প্রবেশের পর সর্বাধিক তিন মাস অবস্থান করা যাবে। উল্লেখ্য, নতুন শর্তে ৩০ দিনের মধ্যে প্রবেশ না করলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানিয়েছেন, গ্রীষ্মকাল শেষ হওয়ার পর শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা ও মদিনায় বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছরের জুনে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যেই চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এটি আগের বছরের পুরো মৌসুমের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভূতপূর্ব প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পবিত্র ভূমি সফরের আগ্রহ বাড়ার প্রমাণ বহন করছে।
পতাকানিউজ/এনটি

