সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার পর ফ্লাইট চলাচল স্থগিত থাকায় ঢাকা থেকে রোববার সকাল পর্যন্ত পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো হয় অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও এ তথ্য জানিয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা–রিয়াদ রুটের বিজি ৩৩৯ ফ্লাইটটিও বাতিল হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস গতকাল শনিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এসব ফ্লাইটে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে, গতকাল শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল গতকাল বেলা ৩টা ১০ মিনিট। তবে এটি রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
-তথ্য সূত্র : রয়টার্স
-পতাকানিউজ

