আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৯ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত এক সপ্তাহের অভিযানে মোট ২২ হাজার ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অবৈধভাবে বসবাসের অভিযোগে ধরা হয়েছে ১৩ হাজার ৮৩৩ জনকে, সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার জন্য আটক হয়েছে ৪ হাজার ৬২৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছে ৩ হাজার ৬১৫ জন।
এ সময় অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৪০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেনি, ৬৪ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অভিযানের অংশ হিসেবে লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, নিয়োগ বা আড়াল করার অভিযোগে আরও ৩৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে দেশটিতে মোট ২৩ হাজার ৬৩০ জন অপরাধী আটক রয়েছে। এর মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ইতোমধ্যে ১৬ হাজার ১৬২ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ৩ হাজার ১৩৬ জন নিজ নিজ দেশে ফেরার জন্য টিকিট বুকিংয়ের অপেক্ষায় আছেন এবং ১১ হাজার ৫৮ জনকে ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে।
মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় প্রদান বা সহায়তা করার জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসমক্ষে পরিচয় প্রকাশ করার শাস্তি দেওয়া হতে পারে।
জনসাধারণকে এসব আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্ব প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ
পতাকানিউজ/ওয়াইএস

