সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হতাহত বাংলাদেশিদের বিস্তারিত পরিচয় জানতে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদের বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
বাংলাদেশ বলেছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
এ ঘটনায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।
সৌদি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, গতকাল শনিবার রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মোট ১২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন।

হামলার দায় স্বীকার করেছেন হুতি গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি। গতকাল তিনি দাবি করেন, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
চলতি সপ্তাহে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ফ্লাইটগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
-পতাকানিউজ

