বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। দিন দিন এ সংকট আরও বাড়ছে। এমন বাস্তবতায় দেশে জ্বালানি সাশ্রয়ে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার।
মঙ্গলবার, ৩১ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। আর দেশের মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেয়ার পরিকল্পনাও রয়েছে।’
শিক্ষাব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দুটি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।
পতাকানিউজ/আরবি

