বগুড়ার নন্দীগ্রামে মোর্শেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠছে স্বামী তয়েজ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার, ২৯ নভেম্বর দুপুর আড়াইটায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় মোর্শেদা বেগম বাথরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে স্বামী তয়েজ উদ্দিন কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্ত্রীকে হত্যার পর তয়েজ উদ্দিন নিজের ঘরের দোতলায় গিয়ে অবস্থান নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য শামছুর রহমান জানান, তয়েজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রাথমিক ধারণা, মানসিক অসুস্থতার কারণে তিনি এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছেন।
এ বিষয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, ‘নিহতের মরদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।’
পুলিশ সুপার আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পতাকানিউজ/পিএম/আরবি

