বগুড়ার শিবগঞ্জে শিল্পী বেগম নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার, ৭ এপ্রিল রাতে উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম (৩২) একই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত মিন্টু মিয়া পলাতক ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মিন্টু ও শিল্পীর সংসারে ঝগড়া ও বিবাদ লেগে থাকত। মিন্টু মিয়া কোনো কাজকর্ম করতেন না। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘরের ভেতর ফেলে রেখে তিনি পালিয়ে যান। আজ দুপুরে খবর পেয়ে পুলিশ শোবার ঘর থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে এ নিয়ে শিবগঞ্জ উপজেলা গত তিন দিনে তিন নারী হত্যার ঘটনা ঘটল।
পতাকানিউজ/পিএম/আরবি

