স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে ক্ষুব্ধ এক প্রবাসী দেশে ফিরে স্ত্রীর সদ্য বিবাহিত স্বামীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার, ৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. হাসিব (২৬) পাঁচলাইশ থানার আতুরার ডিপু জাঙ্গালপাড়া মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে ওই নারী হাসিবের সঙ্গে পালিয়ে যান এবং পরে তারা বিয়ে করেন। এরপর ওই নারী তার স্বামীকে বিদেশে তালাকনামা পাঠান। তালাকের খবর পেয়ে প্রবাসী স্বামী ক্ষুব্ধ হয়ে গত সপ্তাহে দেশে ফিরে আসেন। তিনি স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। আজ (সোমবার) দুপুরে তিনি হাসিবের বাসায় গিয়ে তাকে ডেকে স্থানীয় সঙ্গীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে পালিয়ে যান।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাসিবের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত প্রবাসী ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত প্রবাসীর পরিচয় প্রকাশ করছেন না বলেও জানান ওসি সোলাইমান।
পতাকানিউজ/আরএস/কেএস

