ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার, ২৪ ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
এসময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন দাবিদার ছিলেন রুমিন ফারহানা। তবে জোটের স্বার্থে আসনটি ছেড়ে দেয় বিএনপি। এ আসনে জমিয়তে উলামায়ে বাংলাদেশ এর সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের মনোনয়ন দেয়া হয়েছে। এরপরই বিএনপির রুমিন ফারহানা নির্বাচনে লড়ার স্পষ্ট ঘোষণা দেন।
বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত এ আসন থেকে এখন পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী বিএনপি নেতা মো.আলী হোসেন বলেন, ‘দল মনোনয়ন না দিলেও আামদের নেত্রী স্বতন্ত্র হয়ে ভোটের মাঠে লড়বেন। জনগণ তার পক্ষে রয়েছে। যে কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার নির্দেশনা মতেই মনোনয়ন ফরম নেয়া হয়েছে।’
বিএনপি নেতা মো. জুনায়েদ খান বলেন, ‘রুমিন ফারহানা হলেন মাঠের নেতা। দল ওনাকে মনোনয়ন না দিলেও জনগণ পক্ষে আছে। আমরা ওনার হয়ে লড়বো। যদি দল ব্যবস্থা নেয় নিতে পারে। ভোটে আমরা জয়লাভ করবো বলেও আশাবাদী।’
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকার বলেন, ‘রুমিন ফারহানার হয়ে আলী হোসেন নামে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মোট আটজন সরাইল থেকে মনোনয়নপত্র নিয়েছেন।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার নয়টি ইউনিয়নে ভোট আছে দুই লাখ ৮৮ হাজার ৬০৯টি, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে এক লাখ ৫৩ হাজার ৯৯ এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে ভোট আছে ৫৭ হাজার ৭৪০টি।
রুমিন ফারহানা জানান, ‘দল দলের সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার সিদ্ধান্ত নিবো। আমি নির্বাচন করবো। দল বহিস্কার করলে করতে পারে।সাধারন মানুষ আমার পক্ষে আছে।’
পতাকানিউজ/বিপিবি/আরবি

