দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
সোমবার, ৯ মার্চ বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
এর আগে গত ৪ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়। সেই দাম কার্যকর থাকার পাঁচ দিনের মাথায় আবারও কমলো সোনার দাম।
এদিকে স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী— ২২ ক্যারেট রূপার ভরি ১৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রূপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রূপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

