মানিকগঞ্জে স্বর্ণ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গচ্ছিত স্বর্ণ কবজায় নিতে ডাকাতির নাটক সাজায় কারিগর ও দোকান মালিক শুভ দাস। ডাকাতি সংগঠিত হওয়ার ২৪ ঘণ্টায় পুলিশ ডাকাতি হওয়া ৩৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করেছে।
সোমবার, ৬ অক্টোবর বিকেলে মানিকগঞ্জ সদর থানায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন।
এ ঘটনায় পুলিশ শুভসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন – শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), সোহেল মিয়া (২১), শরিফ খান (২২), সবুজ মিয়া (২৭)। তারা প্রত্যেকেই মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দোকান মালিক শুভ মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সাথে মাসখানেক ধরেই তার নিজ দোকানে ডাকাতির পরিকল্পনা করে আসছিল। পরিকল্পনার অংশ হিসেবে শনিবার, ৪ অক্টোবর রাত সাড়ে বারোটায় মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির অভি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। নাটকীয় এই ঘটনা সত্যতার রূপ দিতে ডাকাত সদস্যদের হাতে দেশীয় অস্ত্রের ছুরিকাঘাতে আহত হন স্বর্ণ কারিগর ও দোকান মালিক শুভ দাস।
স্বর্ণ ডাকাতির এই ঘটনার জন্য ৫ লাখ টাকার মৌখিক চুক্তি হয় আমানত হোসেনের সাথে। ডাকাতি সম্পন্ন হওয়ার আগেই তাদের ৪৫ হাজার টাকা প্রদান করে শুভ দাস। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতের নাটকীয়তা স্বীকার করেন তারা।
বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে নিয়মিত মামলা করবে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণালংকার ও আসামিদের আদালতে প্রেরণ করা হবে।
পতাকানিউজ/জেএইচসি/এমওয়াই

