স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট পরিচালনা করতেই সংশ্লিষ্ট এজেন্সিকে ক্রেডিবল হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি মালেয়েশিয়ার শ্রমবাজার চালু করতে সরকার জোর তৎপরতা চালানোর বিষয়টি উল্লেখ করে বলেন, এরই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সরকারের সঙ্গে বৈঠক করেছে।
এই বিষয়ে প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন দেশের মানুষ কর্মসংস্থানের জন্য যেতে পারেন সেই লক্ষ্যে সরকার কাজ করছে।’ ১২ এপ্রিল সচিবায়লয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন , ‘মালয়েশিয়া শ্রমিক পাঠানোর পুরো প্রক্রিয়াটি সিন্ডিকেটমুক্ত করতে যা কিছু প্রয়োজন, তা করার জন্য মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন আন্তরিক, তেমনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
শ্রমিক পাঠানো কবে শুরু হবে? -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। যত দ্রুত সম্ভব এটি চালুর জন্য সরকার কাজ করে যাচ্ছে।’
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আগে অনিয়মের অভিযোগ ছিল এবং মামলা চলমান আছে- এই বিষয়ক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘যৌথ বিবৃতিতে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে গণতান্ত্রিক সরকার রয়েছে, তারা আইনের শাসনে বিশ্বাস করে। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে। যারা অপরাধী বা দুর্নীতি ও অপকর্মে জড়িত, তারা আইনি প্রক্রিয়ায় শাস্তি পাবে; একইভাবে নির্দোষ ব্যক্তিরাও সুবিচার পাবে-এটাই সরকারের প্রত্যাশা।’
‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘এটি কোনো নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, মালয়েশিয়ার সব সেন্ডিং কান্ট্রির ক্ষেত্রেই প্রযোজ্য। নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই তারা এজেন্সি নির্বাচন করে থাকে।’
বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ক্রেডিবল বা কোয়ালিফাইড বলতে তাদেরই বোঝানো হবে, যারা দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট পরিচালনা করবে। এর মাধ্যমে ধীরে ধীরে অভিবাসন ব্যয় কমিয়ে আনার লক্ষ্য রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আরও বেশি সংখ্যক মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে, অভিবাসন ব্যয় কমবে এবং সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। সেই লক্ষ্যেই সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।
-পতাকানিউজ

