চট্টগ্রামের মানুষ বরাবরই শুটকি প্রিয়। বিভিন্ন জাতের মাছ রোদে শুকিয়ে করা হয় শুটকি। সে শুটকির স্বাদ নিতে রসনাপ্রিয় মানুষ ঢুঁ মারেন বাজারে। ছুরি শুটকি, লইট্টা শুটকি, ফাঁইস্যা শুটকি, ইচা শুটকি নিয়মিতই থাকে ভাতের পাতে। এছাড়া কালেভদ্রে অনেকে লাক্ষ্যা শুটকি, রূপচাঁদা শুটকি কিংবা সুরমা শুটকিও কিনেন।
তবে, বর্তমানে চট্টগ্রামে শুটকির দাম যেন ‘আকাশ ছুঁয়েছে’। হাজার টাকার নিচে নেই ছোট-বড়ো কোনো শুটকির দাম। তরকারি রান্নার জন্য সবচেয়ে জনপ্রিয় ইচা শুটকির (চিংড়ি শুটকি) দাম প্রতি কেজি প্রকারভেতে ২ হাজার থেকে ২৫০০ টাকা পর্যন্ত। যদিও বেশিরভাগ মানুষ ১০০ গ্রাম থেকে শুরু করে ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম করে শুটকি কিনেন।
তরকারি ছাড়াও ছুরি শুটকির কদর সবচেয়ে বেশি। ছুরি শুটকির ঝোল যে খেয়েছে সে সহজে তার স্বাদ ভুলতে পারে না। দামে তুলনামূলক কম থাকায় ছুরি শুটকি বেশি খায় চট্টগ্রামের মানুষ। তবে, বছর দুয়েক ধরে ছুরি শুটকির দামও নাগালের বাইরে। তরকারি রান্নার ছোট ছুরি বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়, মাঝারি মানের শুটকি ২৫০০ থেকে ২৮০০ টাকা আর বড়ো সাইজের শুটকি সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।
ছবিগুলো চট্টগ্রামের আছদগঞ্জ শুটকি পল্লী থেকে সম্প্রতি তোলা।
পতাকানিউজ/কেএস




