স্বামীকে খুনের পর ৬ টুকরা করে একটি ড্রামে ও ব্যাগে মরদেহ গুম করার অভিযোগে করা মামলায় স্ত্রীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। বৃহস্পতিবার, ২ জুলাই ঢাকার ১৬ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নাজমুন নাহার নিপু এ রায় দেন।
২০২১ সালে রাজধানীর মহাখালী আমতলী এলাকায় একটি ড্রামে ময়না মিয়া ওরফে শাকিলের ছয় টুকরা লাশ পাওয়ার ঘটনায় করা মামলার রায়ে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি হলেন ময়না মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পী।
মৃত্যুদণ্ডের পাশাপাশি মরদেহ গুমের অপরাধে আসামি শিল্পীকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আদালত রায়ে বলেছেন, স্বামীকে নৃশংসভাবে খুন করে লাশ গুম করার চেষ্টা করেছেন আসামি শিল্পী। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই তার প্রাপ্য।
রায়ে আরও বলা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে দন্ড কার্যকর করার আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মতে হাইকোর্টের অনুমোদন নিতে হবে। হাইকোর্টের অনুমোদন নেওয়ার জন্য মামলার নথি দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণা করার আগে ফাতেমা বেগম ওরফে শিল্পীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাকে আবার সাজা পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩০ মে রাত সাড়ে ১০টায় মহাখালীর আমতলী এলাকায় একটি ড্রাম থেকে এক ব্যক্তির মাথাবিহীন দেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ। একইদিন রাত ১১টার পর মহাখালী বাস টার্মিনালের এনা কাউন্টারের কাছ থেকে একটি ব্যাগের মধ্যে উরু থেকে খণ্ডিত দুটি পা এবং কাঁধ থেকে খণ্ডিত দুটি হাতের অংশ উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। দুদিনে মোট ৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরপর রহস্য উদঘাটনে মাঠে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় ফাতেমা বেগম ওরফে শিল্পীকে। জিজ্ঞাসাবাদে শিল্পী পুলিশকে জানায়, পারিবারিক কলহ, টাকা-পয়সা বণ্টন স্বামী ময়না মিয়া ওরফে শাকিলের সঙ্গে তার মনোমালিন্য হয়। এরপর আবার ময়না মিয়া দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রী পরিকল্পনা করেন স্বামীকে খুনের।
শিল্পী পরিকল্পনা মাফিক তার অটোরিকশা চালক স্বামীকে ঘুমের ট্যাবলেট খাইয়ে নিস্তেজ করেন, এরপর গলাকেটে খুন করে মরদেহ ৬ টুকরা করেন। একটি লাল রঙের কাপড়ের ব্যাগে মাথা, শরীরের মূল অংশকে একটি নীল রঙের পানির ড্রামে এবং খণ্ডিত দুই পা ও দুই হাতকে একটি বড় কাপড়ের ব্যাগে ঢুকিয়ে রাখেন শিল্পী । পরে ১৩০০ টাকায় রিকশা ভাড়া করে প্রথমে আমতলী এলাকায় শরীরের মূল অংশ ফেলে দেন, পরবর্তীতে মহাখালী এনা বাস কাউন্টারের সামনে খণ্ডিত দুই হাত, দুই পা ভর্তি ব্যাগ রেখে দিয়ে চলে আসেন বাসায়। এরপর খণ্ডিত মাথা রাখা ব্যাগ নিয়ে গুলশান লেকে ফেলে দিয়ে বাসায় চলে আসেন।
এ ঘটনায় ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী নাসরিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১ জুন মামলাটি করেন।
গ্রেপ্তারের পর আসামি শিল্পী ফৌজদারি কাযবিধির ১৬৪ ধারা মতে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে ডিবি পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ২০২২ সালের ২৪ অক্টোবর ফাতেমা বেগম ওরফে শিল্পীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে। ২০২৩ সালের ১২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার বিচার চলাকালে আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
পতাকানিউজ/এএ/আরবি

