বগুড়ায় ভুয়া স্বামী–স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার, ২৬ নভেম্বর রাতে বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর দুপুরে বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বাসিন্দা বকুল হোসেন এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার লাকি বেগম।
উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, বুধবার সন্ধ্যা সাতটায় শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে সন্দেহভাজন দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের স্বামী–স্ত্রী পরিচয় দেন। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে স্বামী–স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও হিলি এলাকায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

