স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজায় শেষ বিদায় জানানো হলো তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার জানাজা।
বুধবার, ৩১ ডিসেম্বর বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় জানাজা শুরু হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং কূটনৈতিক প্রতিনিধিরাও অংশ নেন।
আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। প্রিয় নেত্রীকে হারানোর বেদনা স্পষ্ট ছিল উপস্থিত মানুষের চোখেমুখে।
জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া বিএনপি সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।
পতাকানিউজ/এআই

