সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার, ১৮ ফেব্রুয়ারি সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে ব্যক্তিগতভাবে ও এরপর মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এদিকে প্রথম কর্মদিবস উপলক্ষে আজ দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।
এর আগে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এদিন বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীতাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়ী হয়। এর মধ্যে বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।
পতাকানিউজ/আরবি

