পবিত্র হজ পালনের ক্ষেত্রে ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসাকে বৈধ হিসেবে গণ্য করা হবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
রবিবার, ১২ এপ্রিল এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো হজ ভিসা। এর ফলে ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসাধারীরা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না।
মন্ত্রণালয় আরও জানায়, সৌদিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম মানতে হবে। তাদের ‘নুসুক’অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুমে অননুমোদিত ভিসাধারীদের অংশগ্রহণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরনের বুকিং শুধুমাত্র অনুমোদিত চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধ বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজে যাওয়ার প্রলোভন থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতি বছর এ ধরনের প্রতারণা ঠেকাতে কঠোর নজরদারি চালানো হয় বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে আগামী ১৭ এপ্রিল শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। ওইদিন রাতে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার, ১২ এপ্রিল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
পতাকানিউজ/আরবি

