বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মুস্তাঈন বিল্লাহ সাব্বির নামে ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
বুধবার, ২৯ জুলাই ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. আবু সাঈদ গত ২৮ জুলাই আসামি কলিমউল্লাহকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত আগামীকাল বৃহস্পতিবার শুনানির তারিখ নির্ধারণ করেন। একইসঙ্গে কলিমুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
ওই আবেদনে বলা হয়, হাজতি আসামি কলিমউল্লাহ এ মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। বর্তমানে তিনি জেলহাজতে আটক থাকায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে, তদন্তকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত কলিমউল্লাহকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম মুস্তাঈন বিল্লাহ সাব্বির অংশ নেন। ওই বছর ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্মরনী রোড এলাকায় অবস্থান কালে তিন গুলিবিদ্ধ হন। একটি গুলি তার বাম হাতের কুনই এর মাঝখানে লেগে বিপরীত পাশে বের হয়ে যায় এবং গুরুতর জখম প্রাপ্ত হন। উপস্থিত লোকজন তাকে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) নিয়ে যান।
পরবর্তীতে সুস্থ হয়ে মুস্তাঈন বিল্লাহ সাব্বির বাদী হয়ে উত্তর পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন।
২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এই ভাইস চ্যান্সেলরের (ভিসি) বিরুদ্ধে দুদকের করা মামলায় ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তাকে ওই মামলায় হাইকোর্ট জামিন দেন। গত ২৭ জুলাই সোমবার তার পক্ষে আদালতে জামিননামা দাখিল করা হয়।
তিনি মুক্তি পাওয়ার আগেই আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন করায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না।
পতাকানিউজ/এএ/আরবি

