একাধিক মামলায় কারাবন্দী ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার, ২২ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, সকালে কারাগার থেকে ফয়জুর রহমান বাদলকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, তদন্তে সাবেক এই সংসদ সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাওয়ায় তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ফয়জুর রহমান বাদল এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের প্ররোচনা দেন এবং অর্থায়নের মাধ্যমে সহায়তা করেন—এমন প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও আসামির ভূমিকা যাচাইয়ের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন ছিল।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৬ জুলাই ঢাকা কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই হামলায় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. শামীম গুরুতর আহত হন। পরে তিনি নিউমার্কেট থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি অন্য মামলাগুলোতে কারাগারে রয়েছেন।
পতাকানিউজ/এআই

