বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় শেখ মোহাম্মদ আশিক নামে এক ছাত্রদল কর্মী আহতের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আদালতের মোহাম্মদপুর থানার সাধারন নিবন্ধন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।
গত ২০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব, ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল প্রমুখ।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস জামান উল্লেখ করেছেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকদের ষড়যন্ত্র ও পূর্ব নির্দেশনা মোতাবেক অভিযোগপত্রভূক্ত অপর আসামিরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা বাংলাদেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিলেন। তাদের বিরুদ্ধে মোহাম্মদ আশিকসহ অন্যদের হত্যা চেষ্টাসহ গুরুতর আহত করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ৯টা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা আন্দোলন করছিল। বিকেল পৌনে ৩টায় আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ ও গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত আহত হন আশিক। তিনি রাস্তায় পড়ে যান। মৃত ভেবে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে যায়।
আশিক সুস্থ হয়ে এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন আশিক।
পতাকানিউজ/এএ/আরবি

