ঢাকার আলোচিত শাহবাগের ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম এবং তাঁর ছেলে সাবেক এমপি সোলায়মান সেলিমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
আওয়ামী লীগের প্রভাবশালী এই দুই নেতাকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল খান পুলক তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঝুট ব্যবসায়ী মনিরের হত্যার ঘটনায় এই মামলা দায়ের করা হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগ থানার চানখারপুল এলাকায় গুলিতে নিহত হন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। তাঁর স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। এতে ৩৫১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে এবং পরে ১৪ নভেম্বর গুলশান থেকে তাঁর ছেলে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাঁদের বিভিন্ন মামলায় দেখিয়ে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়।
পতাকানিউজ/এনটি

