চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। বাকলিয়ায় গ্যারেজ মালিক সাজন (শাহজাহান) মিয়াকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আসামি আবু কালাম। রবিবার, ১২ অক্টোবর রাতে অসুস্থ হয়ে পড়লে কালামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন।
চিকিৎসক জানিয়েছেন, বুকে ব্যাথা, শ্বাসকষ্ট ও দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে, আবুল কালামের স্ত্রী গোলজাহান বেগম তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন।
গোলজাহান বেগম অভিযোগ করেন, ‘আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এরপর পরিকল্পিতভাবে বাদী পক্ষের সঙ্গে যোগসাজশ করে কারাগারের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগেই দেখা হয়েছিল, তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিহত আবু কালাম (৩৬) কিশোরগঞ্জ অষ্টগ্রাম ভাতশালা এলাকার লায়েচ মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার বগারবিল শান্তিনগর এলাকায় থাকতেন। গত ৮ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগরের বাকলিয়া এক্সেস রোডের বগারবিল শান্তিনগর এলাকায় চাঁদা না দেয়ায় গ্যারেজ মালিক সাজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই রাতেই মহানগরের চান্দগাঁও থানার মোহরা থেকে আবু কালামসহ মো. বায়েজিদ রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়। ওই সময় থেকে তিনি কারাগারে রয়েছেন।
সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, ‘আজ (সোমবার) সকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান হাজতী আবু কালাম। পরক্ষণে তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’
পতাকানিউজ/আরএস/কেএস

