হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। তবে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম। অধিকাংশ বুথ ফাঁকা।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি বুথ একেবারে ফাঁকা। ভোটারদের লাইন নেই। পোলিং অফিসার ও এজেন্টরা গল্পে ব্যস্ত।
জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামসুল আলম জানান, এ কেন্দ্রে মোট ৩ হাজার ৯২৮ জন ভোটার রয়েছে। সকাল ১০টা পর্যন্ত ১৫০টি ভোট পড়েছে। ভোটের হার ৪ শতাংশ। কেন্দ্র থেকে বের হওয়ার সময় গেল ২/৪ নারী পুরুষ ভোট দিতে যাচ্ছেন।
এদিকে, রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দেখা গেল অভিন্ন চিত্র। ৪ হাজার ৫৮৯ জন ভোটারের মধ্যে ৩৪৯ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৭ দশমিক ৬২।
অপরদিকে, বানিয়াচংয়ের সুনারু প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩শ ভোটার রয়েছেন। তারা সকলেই সনাতনধর্মী। সকাল ১০টায় এ কেন্দ্রে ২১১ জন ভোট দিয়েছেন বলে জানান প্রিসাইডিং অফিসার রায়হান রহমান। ভোটের হার শতকরা ৯ শতাংশ।
পতাকানিউজ/এসসি/আরবি

