বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি চালু এবং চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান প্রণালিটি পুনরায় চালু করতে প্রস্তুত এবং এ বিষয়ে ওয়াশিংটনের কাছে নতুন একটি শর্তও দিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, পারমাণবিক আলোচনা আপাতত পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখতে হবে। একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে অ্যাক্সিওস।
প্রস্তাবটির মূল লক্ষ্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানো এবং পারমাণবিক ইস্যুকে পরে আলোচনার টেবিলে তোলা। তবে এ প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন বা ইসলামাবাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর করেছেন। এরপর তিনি এখন যাচ্ছেন রাশিয়ায়। ঠিক এ সময়ে এমন শর্তের খবর প্রকাশ পেল।
অ্যাক্সিওস আরও জানিয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছে।
তবে এ প্রস্তাব নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালি খুলে দেওয়া হয় এবং ইরানের ওপর মার্কিন অবরোধ শিথিল করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের হাতে তেহরানের ওপর চাপ প্রয়োগের বড় একটি উপায় কমে যাবে।
এতে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানো কিংবা দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়তে পারে।
পতাকানিউজ/আরবি

