ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপীয় দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে এসব দেশের মিত্র ও সমর্থকদের জাহাজের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিত্র নয়—এমন দেশগুলোর জাহাজের ক্ষেত্রে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো বাধা থাকবে না বলেও জানিয়েছে বাহিনীটি।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি গতকাল ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক বক্তব্যে এসব তথ্য জানান।
আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। বিশ্বজুড়ে প্রতিদিন যে পরিমাণ তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার প্রায় ২০ শতাংশই এই পথ ব্যবহার করে।
এই কারণেই হরমুজ প্রণালিকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো মূলত এই পথ দিয়েই তাদের তেল রপ্তানি করে। হরমুজ প্রণালি না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে পৌঁছানো সম্ভব হতো না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালিতে চলাচলকারী বিভিন্ন জাহাজের নাবিকদের সতর্কবার্তা দিতে শুরু করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। একই সময় কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
সূত্র : তাসনিম নিউজ
-পতাকানিউজ

