মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভুরভুরিয়া ছড়াসহ বিভিন্ন ছড়া দিয়ে প্রতিদিন টন টন ময়লা পলিথিন, প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য হাওরে যাচ্ছে। এতে হাওরের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করলেন মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সাংসদ মুজিবুর রহমান চৌধুরী।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি সকালে শ্রীমঙ্গল উপজেলায় রাস্তাঘাট, পাহাড়ি ছড়া ও কৃষি জমি থেকে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এর আগে তিনি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেন। যা বাস্তবায়নে এগিয়ে আসে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভা।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশিনার ভূমি মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু ও বিএনপি নেতা মশিউর রহমান রিপন, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ প্রমুখ।
পরে তিনি নিজ উদ্যোগে শহরতলীর পরিবারগুলোতে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য জমানোর জন্য পলিথিন উপহার দেন। একইসঙ্গে সচেতন বাড়াতে লিফলেট বিতরণ করেন।
এসময় এমপি বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল পৌরসভা ও দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন টেক হোল্ডারদের সমন্বয়ে গঠিত বর্জ ব্যবস্থাপনা পরিচালনা কিমিটির মাধ্যমে এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।’
তিনি বলেন, ‘আপনারা দেখছেন আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর থেকে দেশের কাজে নিজেকে কিভাবে নিয়োজিত করেছেন। তার দিক নির্দেশনা ও অনুপেরণায় আমরাও উৎসাহিত হয়ে মাঠে আছি। আগামী ৫ বছর অন্তত আপনারা আমাকে মাঠে পাবেন। আমার অতীত ইতিহাসও আপনাদের জানা আছে। আমার এ জাতীয় কাজ জনগণের জন্য অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমাদের এলাকাকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্য সবার আগে আমাদের প্রয়োজন সচেতন হওয়া। আমরা সবাই মিলে যদি একটু সচেতন হই তাহলে একটি পরিচ্ছন্ন সুন্দর ও গোছানো নগরী আমরা উপহার দিতে পারবো।’
পতাকানিউজ/এমআরএম/আরবি

