বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার ইলেকট্রেশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকার সাবেক এমপি হাজী সেলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া নিউমার্কেট থানার এক হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এর আগে, কারাগার থেকে তিনজনকে আদালতে হাজির করা হয়।
শাওন হত্যার মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন শাওন সিকদার। ঘটনার দিন ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছালে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় মামলা হয়।
হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা যায়, গত বছর ২ আগস্ট রাজধানীর নিউমার্কেটের ২ নম্বর গেটের সামনে কোটাবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি হয়। এতে মামলার ভিকটিম ও বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের শাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন।
এ ঘটনায় গত ২৬ আগস্ট নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। এই মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন স্থান থেকে এদের আটক করে পুলিশ। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
পতাকানিউজ/আইবিএম

