ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১১ টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি প্রথম আলোর কার্যালয় এলাকায় জড়ো হয়ে এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথম আলোর কার্যালয় ভবনের সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে হামলা শুরু হয় পত্রিকা অফিসটিতে।
তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা।
“আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন,” বলছিলেন এই পুলিশ কর্মকর্তা।
তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়।
ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে।

