ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা। খবর ছড়িয়ে পড়ার পরপরই বৃহস্পতিবার রাত থেকে নগরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টার পর বন্দর নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ছাত্র-জনতার ব্যানারে একদল যুবক সড়কে অবস্থান নেন। তারা সেখানে কিছুক্ষণ স্লোগান দেন এবং পরে মিছিল নিয়ে চশমা হিল এলাকায় আওয়ামী লীগ আমলের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনের দিকে যান।
মিছিলকারীরা প্রথমে বাসভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেন। এরপর তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে জেলার ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল যুবক। ছাত্র-জনতার ব্যানারে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
হাদির মৃত্যুকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পতাকানিউজ/এআই

