ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এ অবস্থায় আসামি দেশত্যাগ করলে মামলার তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রধান আসামির বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় শরিফ ওসমান হাদির মাথায় গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশে আনা হয়। পরদিন শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধসংলগ্ন স্থানে তাঁকে দাফন করা হয়।
পতাকানিউজ/এআই

