ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ আদালতে স্বীকারোক্তি মূলক জবাববন্দি দিয়েছেন। শনিবার, ৩১ জানুয়ারি দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবদুর কাদির ভূঁঞা তার জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন জানালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জবানবন্দি গ্রহণ করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ জানুয়ারি মধ্যরাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। ২২ জানুয়ারি তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত বুধবার আবার তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়।
মামলাটি প্রথম তদন্ত করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি তদন্ত শেষে গত ৬ জানুয়ারি প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে আটক রয়েছেন। প্রধান আসামি ফয়সালসহ ৬ জন পলাতক রয়েছেন।
ডিবির দেয়া চার্জশিট প্রত্যাখ্যান করে মামলার বাদী গত ১৫ জানুয়ারি নারাজি আবেদন দাখিল করেন।
পতাকানিউজ/এএ/আরবি

