ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ তারিখ ধার্য করেন।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি ২০ বার সময় পেল।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের এএসআই মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৫ জানুয়ারি মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। ওই দিন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের বর্তমান আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন দাখিল করেন। আবেদনে তিনি দাবি করেন, হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা হয়নি এবং হত্যার মূল রহস্যও উদ্ঘাটিত হয়নি।
এর আগে, গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত ১৭ আসামির মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন। প্রধান আসামি ফয়সালসহ ছয়জন পলাতক। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে দুজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রুবেল নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া হাদিকে হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহের অভিযোগে চট্টগ্রামের অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনিও আদালতে জবানবন্দি দিয়ে অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছেন। সব মিলিয়ে এ মামলায় বর্তমানে ১৩ জন কারাগারে রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় আল জাবের বাদী হয়ে মামলা করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
পতাকানিউজ/এএ

