ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পুরানা পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মোটরসাইকেল দুজন আরোহী। এই ঘটনার দুইদিন পর রবিবার রাতে মামলা হলেও পুলিশের পক্ষ থেকে মামলার বিস্তারিত তথ্য গণমাধ্যমকে এখনো দেয়া হয়নি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেছেন। ফয়সাল করিমসহ অজ্ঞাতনামাদের এই মামলার আসামি করা হয়েছে । হত্যাচেষ্টা ও অবৈধ অস্ত্রের ব্যবহারের ধারা উল্লেখ করা হয়েছে মামলায়। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এর তদন্ত করবেন।
এই ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন ছাড়াও অপর একজন জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবকলীগের কর্মী বলে জেনেছে পুলিশ। হাদীকে গুলি করার আগে রেকি কার্যক্রমে রুবেলও জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
ওসমান হাদীকে গুলির ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মূল সন্দেহভাজনকে এখনো ধরতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, হাদী এখনো শঙ্কামুক্ত নন। তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে সিঙ্গাপুর পাঠানোর কথা রয়েছে।
শরিফ ওসমান হাদী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছিলেন হাদি এবং এ লক্ষ্যে নিয়মিত গণসংযোগ করছিলেন তিনি।
পতাকানিউজ/কেএস

