ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামান নির্দেশ দেন।
আজ, বিকেলে কবিরকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সালের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাইউম হোসেন নয়ন বলেন, কবির ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী। এ কবিরই ফয়সাল করিম মাসুদকে অস্ত্র সরবরাহ করেছেন। তার সঙ্গে পাশের দেশের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত কিনা তা দেখতে হবে। অস্ত্র কেনাবেচা সম্পর্কে এ আসামি জানে। এছাড়াও এ আসামি রাজধানীর আদাবর থানার সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক। তাকে রিমান্ডে নিলে সব তথ্য বের হবে।
এদিকে কবিরের পক্ষে আইনজীবী ছিলেন না।
আদালতের অনুমতি নিয়ে কবির বলেন, ‘আমি পাঠাও চালাতাম। ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। তবে ফয়সালের সঙ্গে বাংলা মোটরস ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি এতটুকুই।’
ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি কার জানতে চান আদালত। কবির বলেন, ‘মোটরসাইকেলটি আগে আমার বন্ধু মাইনুল ইসলাম শুভ কিনেছিল আমার আইডি কার্ড দিয়ে। মালিকানা ওর, কিন্তু আমার আইডি কার্ড দিয়ে কিনেছিল।’ আদালত প্রশ্ন করেন, ‘আপনার নামে?’ কবির বলেন, ‘না’।
গত রবিবার রাতে নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার গ্রেপ্তারের খবর জানানো হয়।
গ্রেপ্তার কবির পটুয়াখালী সদরের টিটকাটা এলাকার মৃত মোজাফফরের ছেলে। তিনি রাজধানীর আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ডের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করেন।
পতাকানিউজ/এএ/আরবি

