ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর জানাজা ঘিরে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বডি ওর্ন ক্যামেরা ও রায়োট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার, ২০ ডিসেম্বর সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এদিকে বিজিবি ছাড়াও নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে সংসদ ভবন এলাকায়।
এর আগে আজ, শনিবার সকাল ১০টার আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে নেয়া হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পোস্টমর্টেম চলমান আছে, নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
ডিএমপি জানিয়েছে, জানাজায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভেনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
এদিকে ইনকিলাব মঞ্চ ফেইসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে তাদের সংগঠনের আহ্বায়ককে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে।
হাদির মৃত্যুর ঘটনায় আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
পতাকানিউজ/আরবি

