লোকে লোকারণ্য হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর জানাজা অংশ নিতে আসা মানুষের আগমনে মুখর পুরো এলাকা।
শনিবার, ২০ ডিসেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে জানাজা। এতে অংশ নিতে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ জড়ো হচ্ছেন এখানে। হাদির জানাজায় অংশ নিতে কেউ হেঁটে, কেউ রিকশায়, আবার কেউবা মেট্রোরেল করে গন্তব্যে আসছেন।
এদিকে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।জানাজা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।
এছাড়া নিরাপত্তার স্বার্থে জানাযায় অংশ নিতে আসাদের তল্লাশি করছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, জানাজায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভেনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
অপরদিকে জানাজার পর ওসমান হাদীকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধে। সেই সমাধিস্থল দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ।
হাদির মৃত্যুর ঘটনায় আজ, শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
পতাকানিউজ/আরবি

