সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন।
চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কে রয়ে যাওয়া গুলির অংশ দ্রুত বের করা জরুরি। তা সম্ভব না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তবে আপাতত তার শরীর ওই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানায়, হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ সক্রিয় রয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা ও পরিবারের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে তার শারীরিক সক্ষমতার ওপর।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। তবে চিকিৎসকরা মনে করছেন, বর্তমান শারীরিক অবস্থায় তাকে অন্য দেশে নেওয়া আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে।
এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েক দিন চিকিৎসা শেষে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
হাদির চিকিৎসার সব ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে সিঙ্গাপুরে অবস্থান করছেন তাঁর দুই বড় ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।
পতাকানিউজ/এআই

