টানা তিনদিনের সামরিক উত্তেজনার পর আপাতত একে অপরের বিরুদ্ধে হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, আগামী মঙ্গলবার, ৩০ জুন কাতারের রাজধানী দোহায় দুদেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় থাকবে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও সেখানে চলমান বিরোধের সমাধান।
এর আগে গত ১৭ জুন যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের নেতারা একটি সমঝোতায় পৌঁছান। সেই সমঝোতার পর দুদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হয়।
গত বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যেপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।
এদিকে শনিবারও দুদেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলে। এদিন ট্রাম্প বলেন, ইরান নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে আবারও সামরিক ব্যবস্থা নেবে। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ১৪ দফার অন্তর্বর্তী শান্তি চুক্তির লক্ষ্য ছিল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত বন্ধ করা এবং আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুর সমাধান খোঁজা। একইসঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করাও এই চুক্তির অন্যতম উদ্দেশ্য।
পতাকানিউজ

